চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এটা। শিক্ষার পরিবেশ উন্নয়ন, সময়মতো পরীক্ষা গ্রহণ, ওবিই চালু, গবেষণায় শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে আমরা কাজ করছি। এমন মন্তব্য করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বুধবার (২ সেপ্টেম্বর) চবির বিবিএ অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে 'মিট দ্য ভাইস-চ্যান্সেলর' শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন ব্যবস্থা, আবাসন, দ্রুতগতির ইন্টারনেট, অনলাইন সার্টিফিকেট ও হলের সিট ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি টিএসসি নির্মাণ এবং নতুন আবাসিক হল নির্মাণের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
চবি উপাচার্য বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে যাক। তবে এই বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়—এটি তোমাদেরও। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তোমাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তার প্রশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া তিনি অনুষদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।
সভায় শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় সেসব পরামর্শ ও মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং যাবতীয় বিষয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় ৬টি বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।