চলতি বছরের ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর গতকাল বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী-সন্তানসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা আব্বাস।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে স্বাগত জানাতে সন্ধ্যা ৭টা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দর এলাকায় জড়ো হন। এ সময় সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গত ৩০ আগস্ট মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।