মো. কামরুজ্জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হককে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। তার স্থলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও চুক্তিভিত্তিক কির্মকর্তা। গতকাল এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এদিন পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদায়ন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। পরিকল্পনা কমিশন সদস্য (সচিব) নাসরীন জাহানকে অবসর প্রদান করা হয়। যুগ্ম সচিব পদমর্যাদার মো. মোস্তাফিজার রহমানকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক থেকে স্বাস্থ্যসেবা বিভাগের এস্টাবলিশমেন্ট অব এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার (মুন্সীগঞ্জ) প্রকল্পের পরিচালক করা হয়েছে। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আছমা আরা বেগমকে একই বিভাগের অধীনে পরিচালিত মডার্নাাইজেশন অ্যান্ড এক্সপানসন অব রিফাইনারি লি. প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।