একজনের মৃত্যুদন্ড দুজনের যাবজ্জীবন

রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদ- ও দুইজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। তবে মামলায় মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায়  প্রদান করেন। দ-প্রাপ্তদের মধ্যে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদন্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল জানান, আসামিদের অনুপস্থিতিতে গতকাল রংপুর মহানগর দায়রা জজ এ রায় ঘোষণা করেন। এদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সাংবাদিক উৎস রহমানের পরিবার।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান স্থানীয় দৈনিক যুগের আলো অফিসে যাওয়ার পর আর রাতে বাড়ি ফেরেননি। পরের দিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নুরী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় এবং আদালত ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর প্রায় ১১ বছর পর ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আইনজীবীদের যুক্তিতর্কের পর আদালত গতকাল এ রায় প্রদান করেন।

মামলার বাদী নুর জাহান বেগম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, মামলার মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদি ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করিয়েছেন। অথচ আদালত হত্যাকা-ের সেই মাস্টার মাইন্ডকেই বেকসুর খালাস দিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, রায়ে নিহতের পরিবার সংক্ষুব্ধ। এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

এদিকে এই রায় নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী বলেন, এই রায়ে সাংবাদিক সমাজ সন্তুষ্ট  নয়। এভাবে মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান ছালেক বলেন, আমরা খুব মর্মাহত। আদালতে সাক্ষ্য প্রমাণের অভাবে সাংবাদিক উৎস রহমানকে হত্যার মাস্টারমাইন্ড খালাস পেয়েছে। দ-প্রাপ্তরাও পলাতক। এ রায় সন্তোষজনক নয়।