সার এলএনজি পাঠ্যবই কেনায় বড় বরাদ্দ

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কৃষি, জ¦ালানি, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতের মোট ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে। আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ এবং সার ও এলএনজি আমদানিতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকায় ১১ তলাবিশিষ্ট র‌্যাব সদর দপ্তর ভবন নির্মাণের জন্য ১৭১ কোটি ৯০ লাখ টাকার একটি ক্রয়প্রস্তাব অনুমোদিত হয়েছে।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের অধীনে মরক্কোর ওজিপি নিউট্রিক্রপস থেকে জি-টু-জি পদ্ধতিতে দুটি আলাদা লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি  এবং ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। ডিএপি সারের জন্য ৪৪০ কোটি ৯২ লাখ টাকা এবং টিএসপি সারের জন্য ২৪৭ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সভায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে অতিরিক্ত আরও এক কার্গো এলএনজি সংগ্রহের প্রস্তাবও কমিটি অনুমোদন করেছে। এবারে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৩ থেকে ২৮ মার্কিন ডলার পর্যন্ত।

এদিকে, বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিপুল পরিমাণ পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ দেওয়া হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের জন্য ২৪৪ কোটি ২১ লাখ টাকা এবং নবম শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) ৫ কোটি ২০ লাখেরও বেশি পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ৪৯৪ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বান্দরবানের হোস্ট কমিউনিটির জন্য সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দুটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। আজিজনগর-নাজিরাম ত্রিপুরা পাড়া সড়ক প্রশস্তকরণে ব্যয় হবে ১৯০ কোটি টাকা। এ ছাড়া, নাজিরাম ত্রিপুরা পাড়া থেকে লামা (গজালিয়া) সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি ৮৪ লাখ টাকা।

সভায় রাজধানীতে ১১ তলাবিশিষ্ট র‌্যাব সদর দপ্তর ভবন নির্মাণের জন্য ১৭১ কোটি ৯০ লাখ টাকার একটি প্রস্তাবও অনুমোদিত হয়। এ ছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ভোমরা স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং কাজের জন্য ২০ কোটি ৩৩ লাখ টাকার ঠিকাদার নিয়োগের প্রস্তাবও সভায় সবুজ সংকেত পেয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং বিপুল পরিমাণ রাইস ব্র্যান বা সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৩৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের আওতায় খুলনা বিভাগে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়নের জন্য ৮১টি নতুন সাব-স্টেশন নির্মাণকাজও অনুমোদিত হয়েছে। 

দেশের কৃষি উৎপাদন, শিক্ষাব্যবস্থা এবং জ¦ালানি নিরাপত্তা আরও সুসংহত করতে এসব ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।