ফিফা এশিয়ান কাপ সামনে রেখে জার্মান কোচ টমাস ডুলির অধীনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৮ ফুটবলারকে নিয়ে চলা অনুশীলনে এরই মধ্যে যোগ দিয়েছেন গোলরক্ষক মিতুল মারমা। এবার জাতীয় দলের ক্যাম্পে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা গোলরক্ষক সাইফ কেরাওয়ালা।
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী গোলরক্ষক কয়েক দিন ধরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। ২৯ বছর বয়সী সাইফের বাবা বাংলাদেশি এবং মা আমেরিকান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই ফুটবলার এখন বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন।
জাতীয় দলের অনুশীলনে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন সাইফ কেরাওয়ালা। আর নতুন এই সতীর্থকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। সামাজিক মাধ্যমে গোলরক্ষকদের সঙ্গে সাইফের একটি ছবি পোস্ট করে জামাল লিখেছেন ‘গোলকিপারদের এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।’
জাতীয় দলে নতুন ফুটবলারদের সুযোগ দেওয়া প্রসঙ্গে কোচ টমাস ডুলিও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার কাছে পরিচয় বা সুপারিশ নয়, খেলোয়াড়ের পারফরম্যান্সই দলে জায়গা পাওয়ার প্রধান মাপকাঠি। এই কোচ বলেন, ‘ট্রায়ালে যারা ভালো করবে, তাদের দলে নেওয়া হবে। পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো এজেন্ট বা অন্য কে কী বলল, সেটি দেখার বিষয় নয়।’ সাইফকে নিয়ে ডুলি আরও বলেন, ‘সাইফ এসেছে। আরও কয়েকজনের আসার কথা রয়েছে।’