মেসির সম্মানে দশম মিনিটে থামবে আর্জেন্টিনার সব ম্যাচ

জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পর থেকেই গোটা আর্জেন্টিনা জুড়ে বইছে আবেগ আর শ্রদ্ধার এক নীরব জোয়ার। তারই সূত্র ধরে আলবিসেলেস্তে জার্সিতে লিওনেল মেসির বর্ণিল ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সিদ্বান্ত অনুযায়ী, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সকল ধরনের ম্যাচের ঠিক দশ মিনিটে খেলা থামিয়ে এক মিনিট ধরে চলবে করতালির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন। তবে এই আবেগপ্রবণ মুহূর্তটির জন্য সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়নি; গতকাল (বুধবার) কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বোকা জুনিয়র্স ও ভেলেজ সার্সফিল্ডের মধ্যকার কোপা আর্জেন্টিনার ম্যাচেই নির্ধারিত সময়ের আগেই দারুণ এক আবহ তৈরি করে শুরু হয়ে গেল এই মহতী শ্রদ্ধা নিবেদন।

কোপার সেই রোমাঞ্চকর ম্যাচে ঘড়ির কাঁটা ঠিক দশ মিনিট ছুঁতেই রেফারি সেবাস্তিয়ান সুনিনো বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন। কর্ডোবার ঐতিহ্যবাহী সেই স্টেডিয়ামের খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে গ্যালারিভর্তি হাজারো দর্শক দাঁড়িয়ে একটানা প্রায় এক মিনিট ধরে হাততালি দিয়ে শ্রদ্ধা জানান ফুটবল জাদুকর মেসিকে।

মাঠে উপস্থিত সবার কন্ঠে ধ্বনিত হয় প্রিয় অধিনায়কের নাম, যা এক অনন্য দৃশ্যের জন্ম দেয়। শুধু কর্ডোবাই নয়, একই সময়ে আভেয়ানেদার ফুটসাল কাপের ম্যাচেও দেখা গেছে এমন অভূতপূর্ব দৃশ্য, যেখানে দেশের ফুটবলপ্রেমীরা একযোগে সম্মান জানিয়েছে তাদের জীবন্ত কিংবদন্তিকে।

গত সোমবার ইনস্টাগ্রামে এক হাতে লেখা চিরকুট ও আবেগঘন ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ২০০৫ সালে সিনিয়র দলে অভিষেকের পর থেকে দীর্ঘ যাত্রায় আলবিসেলেস্তেদের হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। পাশাপাশি ৬টি বিশ্বকাপ খেলে দেশকে এনে দিয়েছেন অধরা সোনালী ট্রফি, যেখানে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ৩৪ ম্যাচ খেলা এবং ২৩টি জয়ের অনন্য রেকর্ডও তার দখলে।

অবসরের ঘোষণা দিয়ে মেসি নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছিলেন, ‘আমি আমার সর্বস্ব দিয়েছি; দেওয়ার মতো আর কিছু বাকি নেই। সিদ্ধান্তটি বেদনাদায়ক ছিল এবং এখনো অন্তরে আঘাত দেয়। তবে আমি বুঝতে পেরেছি যে সময় এসে গেছে।’ 

মেসির এই মহাকাব্যিক ক্যারিয়ারকে সম্মান জানিয়ে এএফএ অফিশিয়াল বুলেটিন ও বিবৃতির মাধ্যমে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এএফএ-র বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘আসন্ন ম্যাচডেতে পুরুষ ও নারীদের সকল বিভাগ এবং ডিসিপ্লিনের অধীনে আয়োজিত ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় খেলা থামিয়ে দেওয়া হবে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বর্ণিল ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এক মিনিট ধরে করতালি বা শ্রদ্ধা জানানো হবে।’

বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে, ‘যেসব স্টেডিয়ামে ভিডিও স্ক্রিন রয়েছে, সেখানে কিক-অফের আগে একটি নির্ধারিত ট্রিবিউট ভিডিও প্রদর্শন করতে হবে।’ 

ফুটবলের বরপুত্র ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতে ম্যাচ শুরুর ঠিক দশ মিনিটে এই বিরতির অভিনব বিধান করা হয়েছে। আগামী দিনে দেশের প্রতিটি মাঠে এই শ্রদ্ধা নিবেদনের ঢেউ আরও জোরালোভাবে আছড়ে পড়বে এবং এএফএর এই উদ্যোগ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকাকে এক অনন্য মর্যাদায় ভূষিত করবে।