নবীজিকে নিয়ে অবমাননাকর পোস্ট, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে অবমাননার পোস্টের অপরাধে আসাদুজ্জামান ওয়াসিম নামে এক যুবককে ধরে পুলিশ দিয়েছে জনতা। উপজেলার কর্ণেল বাজার এলাকার একটি ফার্মেসি থেকে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। 

আটক ওয়াসিম (২৫) উপজেলার আইড়ল গ্রামের বাসিন্দা ও কর্ণেল বাজারের ওষুধ ব্যবসায়ী রতন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার দুপুর থেকে ইংরেজি বানানে আসাদুজ্জামান ওয়াসিম নামের ফেসবুক আইডিতে মহানবী (সা.) নিয়ে আপত্তিকর একাধিক স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানানো হয়। এরপর বিষয়টি জনগণের নজরে আসলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিকেলে একদল যুবক ওয়াসিমকে ফার্মেসি থেকে ধরে নেওয়ার সময় আখাউড়া থানা উপপরিদর্শক (এসআই) পুষন সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে তারা ওয়াসিমকে তাদের কাছে সোপর্দ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ফেসবুকে আপত্তিকর পোস্ট করার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে প্রাথমিকভাবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।