জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মীণি ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো, তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা ও দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ, দিক-নির্দেশনা আমাদের চলার পথের পাথেও।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর রমনায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ এই বইমেলার আয়োজন করে।
বক্তব্যের শুরুতে তিনি পরম শ্রদ্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, ‘জিয়া স্মৃতি পাঠাঘর আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বইমেলায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
‘বই পড়ার মধ্য দিয়ে শিশুদের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান করার প্রবণতাও বৃদ্ধি পাবে’- এমন প্রত্যাশা করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের ৯০ হাজার ৪৯ টি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার। শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। এতে শিশু কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যাবসায় প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, তার প্রতিফলন ঘটবে। সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান দেয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজের বর্তমান শিশু কিশোররা প্রতিষ্ঠিত হবে।’
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানের আয়োজকদের জানাই আন্তরিক ধন্যবাদ। এই বইমেলার সার্বিক সাফল্য কামনা করছি এবং আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন ঘোষণা করছি।’
বক্তব্যের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা ‘তুমি নির্ভীক’ কবিতার কিছু অংশ আবৃত্তি করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতির উদ্দেশে লেখা আমার কবিতা, ‘তুমি নির্ভীক’ এর কিছু অংশ। তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক/ জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি/ অসাধারণ সাহসী মূর্তি/ তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী/ দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন/ তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী/ তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী/ তুমিই স্বাধীনতা।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, জেডআরএফ এর পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর আহবায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আবদুস সাত্তার পাটোয়ারী।