হঠাৎ অচল চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ভোগান্তি

বিশ্বের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই অচল হয়ে পড়েছে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। সেবা নিতে গিয়ে লাখ লাখ ব্যবহারকারী নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। শুধু চ্যাটজিপিটি নয়, এর ওপর নির্ভরশীল বেশ কিছু ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও এ বিভ্রাটের প্রভাব পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে।

হঠাৎ এই বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি বন্ধ থাকায় কাজের প্রয়োজনে এবার বাধ্য হয়েই নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হবে।

তবে বিশ্বের বিভিন্ন স্থানে সমস্যার খবর এলেও বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা গেছে।

চ্যাটজিপিটির এই বিভ্রাটের প্রভাব শুধু এআই চ্যাটবটটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা লেগেছে। এসব প্ল্যাটফর্মের একটি বড় অংশ তাদের এআইভিত্তিক বিভিন্ন ফিচারের জন্য ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল।

পরিস্থিতি নিয়ে ওপেনএআই জানিয়েছে, তারা সমস্যাটি সম্পর্কে অবগত এবং এটি সমাধানের জন্য কাজ করছে। একই সঙ্গে নেওয়া সমাধান কার্যকর হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এর কিছুক্ষণ পর দেওয়া আরেকটি আপডেটে প্রতিষ্ঠানটি স্বীকার করে যে তাদের প্ল্যাটফর্মে ‘এখনও সেবার মান কিছুটা কম’। অর্থাৎ সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেই ওই আপডেটে ইঙ্গিত দেওয়া হয়।

চ্যাটজিপিটির মূল সেবার পাশাপাশি প্রোগ্রামিংয়ের কাজে ব্যবহৃত বিশেষ টুল ‘কোডেক্স’-এর কার্যক্রমও এই বিভ্রাটের কারণে ব্যাহত হয়েছে।

এদিকে, চ্যাটজিপিটির এই বড় ধরনের বিপর্যয়ের সময় প্রতিদ্বন্দ্বী কয়েকটি এআই প্ল্যাটফর্মেও সমস্যার খবর পাওয়া গেছে। অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ এবং ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের ‘গ্রক’-এর মতো চ্যাটবটেও একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, প্রতিদ্বন্দ্বী এসব চ্যাটবটের ক্ষেত্রে সমস্যার পরিধি তুলনামূলকভাবে কম ছিল। অনেক ব্যবহারকারীর জন্য এসব প্ল্যাটফর্মের সেবা তখনও সচল ছিল।