নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় চট্টগ্রামগামী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জাহিন গার্মেন্টসের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন। তারা যান চলাচল বন্ধ করে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ট-২০-৯৬০৫ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে ও বেপরোয়া ভাবে যাওয়ার সময় ওই নারী গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ বলেন, ‘মদনপুরে ট্রাকচাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গার্মেন্টসকর্মীরা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’

তিনি বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।