সোনা চোরাচালান রোধে বিমানবন্দরে কঠোর নজরদারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারির আওতায় আছে দেশি- বিদেশি এয়ারলাইনসগুলোও। সাম্প্রতিক সময়ে সোনাসহ অবৈধ পণ্য আসার পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টম হাউজের কমিশনার মশিউর রহমান এ তথ্য জানান।

গত বুধবার রাতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯ কেজির ওপরে স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কাস্টম হাউজের কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণ উদ্ধারের ঘটনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থাও কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সরকার চোরাচালানের ব্যাপারে কঠোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাস্টম হাউজের কমিশনার বলেন, চোরাকারবারিরা নানা সময়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে। তারপরও আমাদের শক্তিশালী নজরদারির কারণে ধরা পড়ার ঘটনা ঘটছে।

কাস্টমস সূত্র জানায়, বিমানবন্দরে গত তিন মাসের ব্যবধানে তিনটি চালানে প্রায় ১৫০ কোটি টাকার স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।  

এদিকে স্বর্ণের বাইরেও নিষিদ্ধ ক্রিম, মোবাইল, ল্যাপটপ, সিগারেটসহ প্রতিদিন কোটি কোটি টাকার নানান পণ্য আটক হচ্ছে।