অস্ত্রসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চার রাউন্ড গুলিসহ মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’কে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গত বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির মিরপুর বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন।

শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জাকির কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় কার্যক্রম চালাতেন। পরে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, গত ৭ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে। ওই ঘটনার পর জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শুটার মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অন্যটি অস্ত্র আইনে দায়ের করা হয়। দুটি মামলাই বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।