বড় স্বপ্নের শুরু হয় ছোট ভুল থেকে

‘মঞ্চকে ভয় পেয়ো না, ক্যামেরাকে ভয় পেয়ো না, ভুল করতেও ভয় পেয়ো না। প্রত্যেক সফল অভিনেতা, পরিচালক কিংবা চলচ্চিত্র নির্মাতাকে কোনো না কোনো সময় প্রথমবার মঞ্চে দাঁড়াতে হয়েছে, প্রথমবার ক্যামেরা হাতে নিতে হয়েছে কিংবা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সফলতার পথে এটি সবারই অভিজ্ঞতা। প্রথমবারেই নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, শুধু শুরু করাটাই গুরুত্বপূর্ণ। বড় স্বপ্নের শুরু হয় ছোট ভুল থেকে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী ৭ম যোসেফাইট ড্রামা অ্যান্ড কসপ্লে কার্নিভাল অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার এভাবেই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন অতিথিরা।

অনুষ্ঠানের সভাপতি ও সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা আবিষ্কার করবে, নিজেদের প্রকাশ করবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে। আমাদের মূল লক্ষ্য প্রতিভা খুঁজে বের করা, সৃজনশীলতার বিকাশ ঘটানো, আত্মবিশ্বাস তৈরি করা এবং তরুণদের মধ্যে দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা।

অনুষ্ঠানের অতিথি ও সেন্ট যোসেফ স্কুলের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন ম্যানুয়েল গোমেজ বলেন, এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভবিষ্যতে একজন মেধাবী ও যোগ্য মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রস্তুতি তারা এখান থেকেই পায়।

লেখক আফনান আহমেদ রাশেদ বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি চিন্তাশীল মানুষ হওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়া প্রয়োজন।

কনটেন্ট ক্রিয়েটর অদিতি জামান বলেন, ভয়কে জয় করো। প্রথমবারেই নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, শুধু শুরু করাটাই গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের যোসেফাইট ফিল্ম অ্যান্ড ড্রামা গ্রুপ-এর এই আয়োজনে ৬২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কসপ্লে, র‌্যাম্প ওয়াক, নাটক, নৃত্য প্রতিযোগিতা, স্ট্যান্ডআপ কমেডি ও সংগীতসন্ধ্যায় অংশ নিচ্ছে। এ ছাড়াও রয়েছে দেয়াল পত্রিকা প্রদর্শনী ও বিশেষ কুইজ প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, এবারের কার্নিভ্যালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। প্রতিযোগিতা, প্রোডাকশন ও কলাবরেশন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ ও সৃজনশীল কিছু তৈরির অভিজ্ঞতা অর্জন করবে।

তিন দিনের আয়োজনের আজ দ্বিতীয় দিনে কুইজ, কসপ্লে, র‌্যাম্পওয়াকসহ নানা আয়োজন এবং শেষ দিন একক ও দলীয় নাটক, নৃত্য ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শেষ সন্ধ্যায় থাকছে মিউজিক্যাল ইভিনিং।