ঝালকাঠিতে 'স্ত্রীর শাবলের আঘাতে' প্রাণ গেল স্বামীর

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী লিজার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পলাশের স্ত্রী ইসরাত জাহান লিজাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পলাশ পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর ইউনিয়নে। পলাশ কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি ব্যবসা চালু করেন। 

জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে পলাশকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পলাশের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । বরিশালে পৌঁছানোর আগেই রাত নয়টার দিকে এম্বুলেন্সেই পলাশের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ আউরা গ্রাম থেকে লিজাকে আটক করে থানায় নিয়ে যায়। 

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়হান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।