শ্রী কৃষ্ণের জন্মতিথিতে নারায়ণগঞ্জে আনন্দ শোভাযাত্রা

নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় শহরের ২নং রেলগেইট এলাকায় ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। 

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক  এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী নেতা প্রবীর কুমার সাহা, অমল পোদ্দার, সনাতন ধর্মাবলম্বী নেতা সরোজ কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, জয় কে রায় চৌধুরী বাপ্পী, শিখন সরকার শিপনসহ আরো অনেকে। 

এর আগে বিভিন্ন মন্দির থেকে নানা বয়সের নারী, পুরুষ ও শিশুরা নানান সাজে সজ্জিত হয়ে খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন।

দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আখড়া সহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।