নেপালের উদ্ধার অভিযানে যোগ দেবে অস্ট্রেলিয়া ড্রোন বিশেষজ্ঞ দল

নেপালের ভয়াবহ ভূমিধস বন্যার পর নেপালে উদ্ধার অভিযানে সহায়তা করতে অস্ট্রেলিয়ার দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞদের একটি দল শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দেশটির উদ্দেশে রওনা হয়েছে। এদিকে নেপালে নিখোঁজ থাকা ৩৬ অস্ট্রেলীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে দেশটির সরকার। খবর রয়টার্সের।  

২৬ আগস্টের হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক।

নেপাল সরকারের অনুরোধে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের একটি দুর্যোগ সহায়তা দল পাঠানো হয়েছে। দলটির বেশিরভাগ সদস্যই বিভিন্ন রাজ্যের জরুরি সেবা বিভাগের বিশেষজ্ঞ ড্রোনচালক।

শুক্রবার সিডনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিউ সাউথ ওয়েলসের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কমিশনার জেরেমি ফিউট্রেল বলেন, দুর্গম কোনো এলাকায় এখনও কেউ জীবিত থাকলে তাদের খুঁজে বের করার আশা তারা ছাড়ছেন না।

তিনি বলেন, 'আমরা এখনও আশা করছি, কোথাও হয়তো কেউ বেঁচে থাকতে পারেন। আশা করি, এই দল তাদের অবস্থান শনাক্ত করতে সহায়তা করতে পারবে।'  

দলটির মূল শক্তি বিশেষায়িত ড্রোন পরিচালনায় দক্ষ সদস্যরা। বড় এলাকা আকাশপথে পর্যবেক্ষণের পাশাপাশি এমন ড্রোনও রয়েছে, যেগুলো উদ্ধারকারীদের জন্য দুর্গম বা সংকীর্ণ স্থানে প্রবেশ করে অনুসন্ধান চালাতে পারে।

ফিউট্রেল বলেন, নেপালি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সহায়তা পাঠানো হয়েছে। তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে সহযোগিতা করাই এই দলের মূল উদ্দেশ্য।

এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের দুর্যোগে নিহতদের পরিচয় শনাক্তকরণে বিশেষজ্ঞ সাত সদস্যের একটি দলও শনিবার নেপালে পৌঁছানোর কথা রয়েছে।

অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার এই সহায়তা পাঠানোর ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, নেপালে এরই মধ্যে ১৯ জন অস্ট্রেলীয় অবস্থান করছেন। তাদের মধ্যে কনস্যুলার কর্মকর্তা, মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্য এবং প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে জানিয়েছিলেন, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে বিশেষায়িত ও প্রযুক্তিগত সহায়তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সময় যত গড়াচ্ছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে। তারপরও চীনের সীমান্তবর্তী এলাকাজুড়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের কয়েকজন স্বজনও নিজেরাই তাদের খোঁজে নেপালে গেছেন।