১৪,৩০০ কোটি আয়ে নতুন ইতিহাস বার্সেলোনার 

সীমাহীন আর্থিক অনিশ্চয়তা আর স্টেডিয়াম সংস্কার সংক্রান্ত জটিলতার এক কঠিন অধ্যায় পেছনে ফেলে অবশেষে নতুন এক মাইলফলক স্পর্শ করল বার্সেলোনা। ক্লাবের সুদীর্ঘ ও বর্ণাঢ্য ইতিহাসে এই প্রথমবার এক মৌসুমে তাদের আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৩০০ কোটি টাকা।

আর্থিক খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ানোর এই ঐতিহাসিক অর্জন কেবল কাতালান ক্লাবটির প্রশাসনিক জয়ই নয়, বরং আধুনিক ফুটবলের বাণিজ্য দুনিয়ায় তাদের অদম্য মানসিকতার এক অনন্য নিদর্শন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ক্লাবটি এই রেকর্ড পরিমাণ আয় নিশ্চিত করেছে, যার ফলে টানা তৃতীয়বারের মতো ইতিবাচক সাধারণ ফলাফল প্রকাশ করতে যাচ্ছে তারা। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ৯৯৪ মিলিয়ন ইউরো আয় করে বিলিয়ন ঘরের একদম দ্বারেই ছিল কাতালান ক্লাবটি। পরের মৌসুমেই ছাড়িয়ে গেল সেই মাইলফলক।

আগামী ১৯ সেপ্টেম্বর স্পটিফাই ক্যাম্প ন্যুর অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ বার্ষিক সভায় (অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলি) ক্লাবের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এই হিসাব পেশ করবে।

 অবশ্য এই আকাশচুম্বী সাফল্যের পথচলা মোটেও সহজ ছিল না। সংস্কার কাজের জন্য প্রথম দিকে এস্তাদি জোহান ক্রুইফ ও এস্তাদি অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পর, ক্যাম্প ন্যুতে ফেরার পরও দর্শক ধারণক্ষমতা কঠোরভাবে ৪২ হাজারে সীমিত রাখা হয়েছিল। অথচ মৌসুমের শুরুতে ৬০ হাজার দর্শককে মাথায় রেখে বাজেট কষেছিল ক্লাবটি। সেই স্টেডিয়াম জটিলতা ও অপারেশনাল সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়েই এই অভাবনীয় সাফল্য তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে এই অর্থনৈতিক পুনরুদ্ধারের পেছনের স্বস্তি প্রকাশ করে বলা হয়েছে, ‘আজকের এই বৈঠকটি ছিল ২৫-২৬ মৌসুমের বার্ষিক হিসাব উপস্থাপন করার জন্য, যেখানে টানা তৃতীয় মৌসুমের মতো ইতিবাচক সাধারণ ফলাফল দেখা গেছে। এর মাধ্যমে এমন একটি মৌসুমে আর্থিক স্থিতিশীলতার লক্ষ্য অর্জিত হয়েছে যা উল্লেখযোগ্য অপারেশনাল এবং ধারণক্ষমতার বিবেচনা দ্বারা চিহ্নিত ছিল।’ 

এদিকে আয়ের দিকে রিয়াল মাদ্রিদ বিলিয়ন ইউরো পার করা যেন অভ্যাসে বানিয়ে ফেলেছে। গত মৌসুমে তাদের আয় ছিল ১.২২ বিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪৬০ কোটি টাকা। ২০২৩-২৪ মৌসুমে প্রথম ক্লাব হিসেবে বিলিয়ন ইউরো আয়ের ঘরে নাম লিখিয়েছিল রিয়াল। এরপর থেকে টানা তিন মৌসুমের তাদের আয় ছাড়িয়েছে বিলিয়ন ইউরোর ঘর, সেই তালিকার এবার প্রথমবারের মতো উঠে এলো বার্সাও।