আমন্ত্রণ পেয়েও লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন না জয়া

আরও একবার আন্তর্জাতিক অঙ্গনে আমন্ত্রণ পেলেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট অ্যান্ড’ সিনেমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল। ফ্যাশন ও চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এ উৎসবটি এক যুগ ধরে আয়োজিত হয়ে আসছে। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে এবারের উৎসবে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না জয়া আহসান। 

জানা গেছে, জয়া অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৬ আসরে । ‘হিউজ অব  লংগিং’ ছবিটির গল্প ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ফ্যাশন ফিল্মটি। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই কাজটিতে ফ্যাশন, সিনেমা ও গল্প বলার নান্দনিকতাকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। 

গত বছর ‘হিউজ অব লংগিং’র শুটিং হয় বলে জানিয়েছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি পুরোনো বাড়িতে পুরো ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। ঔপনিবেশিক আমলের বাড়িটির দেয়াল, বারান্দা ও আলোছায়াকে কাজে লাগিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিরহ ও অপেক্ষার আবহ। কাজটির অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘ছবিটির পরিচালকরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, জানতে চেয়েছেন এ রকম একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে পারি কি না? তখন আমরা এটি করি। আমার অভিজ্ঞতা অসাধারণ। ছবিতে আমার স্টাইল করেছেন আমার খুব প্রিয় একজন স্টাইলিস্ট ঋষভ।’