‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও করেন গাজীপুরের সিফাত আব্দুল্লাহ। এই ভিডিও ছাড়ার অভিযোগে আটক করা হয় তাকে। সন্ত্রাসবিরোধী আইনে মামলায় দিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

এ প্রসঙ্গে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া একটি পোস্ট করেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। 

ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নাই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?

দেখলাম যারা এই গ্রেপ্তারের বিপক্ষে লিখছেন তাদের কমেন্টবক্সে গালির বন্যা। সাথে বলছেন যে ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন। এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা তারা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।

আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, 'দ্য ডিক্টেটর' সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।

সিফাতকে অবিলম্বে মুক্তি দিন। মামলা প্রত্যাহার করুন। আর সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।