ভোলায় ২.৫ কেজির ‘রাজা ইলিশ’, দাম উঠল প্রায় ১৩ হাজার টাকা

ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থল সাগর মোহনায় জেলে মিরাজ মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’। মাছটি ভোলার ইলিশা তালতলি মাছঘাটে উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ইলিশা তালতলি মাছঘাটে নাগর হাজারির আড়তে মাছটির নিলাম হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন ব্যাপারী।

আড়তদার ও স্থানীয়রা জানান, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাগর মোহনায় অন্যান্য মাছের সঙ্গে মিরাজ মাঝির জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। শুক্রবার মাছ ধরা শেষে জেলেরা ইলিশা ঘাটে ফিরলে মাছটি আড়তে নেওয়া হয়। বড় ইলিশটি দেখতে ঘাটে জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি হয়।

আড়তদার নাগর হাজারি বলেন, ‘আড়তে সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। আমার মনে হচ্ছে, আড়াই কেজি ওজনের এই ইলিশটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। ঘাটের প্রায় সব আড়তদারই মাছটি কেনার জন্য নিলামে অংশ নেন।’

ক্রেতা লোকমান হোসেন ব্যাপারী বলেন, ‘রাজা ইলিশটি সর্বোচ্চ দামে কিনেও মনে হচ্ছে জিতেছি। অন্যান্য মাছের সঙ্গে এটি মাওয়া ঘাট বা অন্য কোনো বাজারে পাঠাব। আশা করছি, প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।’

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, ‘মৌসুমের শেষ দিকে নদী ও সাগরে বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। আড়াই কেজি ওজনের ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ সময়ে বড় ইলিশ নদীতে আসার প্রবণতা দেখা যায়।’

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় ঘাটে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনি ইলিশের আসন্ন প্রজনন মৌসুম ঘিরেও জেলেদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।