গাজার বাসিন্দাদের সরিয়ে দিতে চান ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের উগ্র কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে বিদেশে পাঠানোর একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। তার দাবি, পরিকল্পনাটি বাস্তবসম্মত ও প্রথম বছরে গাজা থেকে ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। এরপর পরবর্তী ছয় বছরে উপত্যকার বাকি প্রায় ২০ লাখ মানুষকে সরানোর লক্ষ্য রয়েছে। ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বেন-গভির এ পরিকল্পনার কথা জানালেন। বেন-গভির দাবি করেন, গাজার বাসিন্দাদের নিতে কিছু দেশ ‘প্রস্তুত’। তবে তিনি সেই দেশগুলোর নাম উল্লেখ করেননি। তবে জেনেভা কনভেনশন অনুযায়ী, দখলকৃত কোনো ভূখণ্ড থেকে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক সরিয়ে দেওয়াকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ (প্রায় ৬৬ শতাংশ) এলাকা ইসরায়েলের সামরিক বাহিনীর দখলে চলে গেছে। ২০২৫ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা হয়েছিল। ওই চুক্তির মূল শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনীকে গাজায় ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত একটি নির্দিষ্ট সীমারেখায় পিছিয়ে যাওয়ার কথা বলা হয়।