৯ দিনে ‘টক্সিক’-এর বিশ্বব্যাপী আয় ৩২৮ কোটি রুপি

মুক্তির আগে ব্যাপক আলোচনা সৃষ্টি করলেও কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ প্রেক্ষাগৃহে আসার পর ধীরে ধীরে গতি হারিয়েছে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝে দর্শকের উন্মাদনা কমার পাশাপাশি ভাটা পড়েছে বক্স অফিস ব্যবসাতেও। গত ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তির পর ৯ দিনে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৮ কোটি ৪৫ লাখ রুপি।

গীতু মোহনদাস পরিচালিত ও ১৯৫০-৭০ দশকের গোয়ার অপরাধজগৎকেন্দ্রিক এই গ্যাংস্টার ড্রামায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। প্রথম দিনে ভারতে ১০১ কোটি ১০ লাখ রুপি আয় করে উড়ন্ত সূচনা করলেও নবম দিনে সিনেমাটির দৈনিক আয় নেমে আসে মাত্র ৪ কোটি ২৫ লাখ রুপিতে। ফলে ভারতে এর মোট নেট আয় দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩০ লাখ রুপি (গ্রস ২৮৫ কোটি ৭০ লাখ রুপি)। অন্যদিকে বিদেশি বাজার থেকে আয় এসেছে ৪২ কোটি ৭৫ লাখ রুপি। যশ ছাড়াও এতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা ও হুমা কুরেশি।