ফিল্ম আর্কাইভে বুলবুল আহমেদের সামগ্রী

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী এবার ঠাঁই পাচ্ছে জাতীয় আর্কাইভে। তার দীর্ঘ অভিনয়জীবনের বিভিন্ন পুরস্কার, সম্মাননা ও ব্যক্তিগত ব্যবহারের স্মৃতিচিহ্ন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পরিবার।

সম্প্রতি (৩ সেপ্টেম্বর) বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ ও কন্যা তিলোত্তমা আনুষ্ঠানিকভাবে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের হাতে এসব স্মারক হস্তান্তর করেন। প্রতি বছর ৪ সেপ্টেম্বর প্রখ্যাত এই শিল্পীর জন্মদিনকে ঘিরে নানা অনুষ্ঠান আয়োজন করা হলেও, এ বছর জাঁকজমক এড়িয়ে তার স্মৃতি ও অর্জনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী রূপ দেওয়ার এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।বুলবুল আহমেদের বড় মেয়ে তিলোত্তমা জানান, নতুন প্রজন্মের কাছে বাবার অবদানের গল্প সঠিকভাবে পৌঁছে দিতেই এসব নিদর্শন সংরক্ষণের জন্য ফিল্ম আর্কাইভ মিউজিয়ামে তুলে দেওয়া হয়েছে।

পরিবারের এই উদ্যোগের ফলে চলচ্চিত্র অনুরাগী ও গবেষকরা এখন খুব কাছ থেকেই চলচ্চিত্রের এই মহানায়কের অর্জিত সম্মাননা ও ব্যবহৃত স্মৃতিচিহ্ন দর্শনের সুযোগ পাবেন।