ওসিকে স্বেচ্ছাসেবক দলের নেতার হুমকি গাড়ি ভাঙচুর

চট্টগ্রামে অস্ত্র মামলায় পরোয়ানাভুক্ত ওয়াকিল আহমদ ওরফে বগা নামে নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার অভিযানে গেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় খুলশী থানার ওসিসহ অন্তত আট পুলিশ সদস্য আহত হন। গতকাল শুক্রবার ভোরে খুলশী ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ সময় বগার অনুসারীরা বিএনপির পক্ষে সেøাগান দিয়ে হামলা চালায়।

জানা গেছে, গত ৩০ আগস্ট নগরের পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতন এবং অধ্যক্ষকে ভিডিওকলে রেখে হুমকি দেওয়ার ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়। মামলায় দুই নম্বর আসামি করা হয় ওয়াকিলকে। এ ছাড়া আসামি করা হয় তার ছয় সহযোগীকেও। মামলার পর পুলিশ ওয়াকিলকে ধরতে অভিযান শুরু করে। বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার খুলশী থানার ওসি আবদুর রহিমের মোবাইল ফোনে কল করেন ওয়াকিল। তার বিরুদ্ধে কেন মামলা নেওয়া হয়েছে, তা ওসির কাছে জানতে চান? এ সময় অকথ্য ভাষায় ওসিকে গালাগাল এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার কথা জানান ওসি। পুলিশ জানায়, অভিযানের বিষয়টি জানতে পেরে রাতে ওয়াকিল তার অনুসারীদের জড়ো করেন। ভোর ৪টার দিকে পুলিশ তাকে ধরতে ওয়্যারলেস এলাকায় পৌঁছালে তার অনুসারীরা বিএনপির নামে সেøাগান দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। একপর্যায়ে আটকেপড়া পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় খুলশী থানার ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন। ওসির সরকারি গাড়িও ভাঙচুর করেন হামলাকারীরা।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, কলেজ শিক্ষককে পেটানোর ঘটনায় মামলা নেওয়ায় মুঠোফোনে আমাকে হুমকি দেন ওয়াকিল। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে আট পুলিশ সদস্য আহত হয়েছেন।