শিবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী মফিজুল হক (৭৫)। গতকাল শুক্রবার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মফিজুলের সঙ্গে তার স্ত্রী মনোয়ারা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো হাঁসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন। পরে মফিজুল ঘরের ফ্যানের হুকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  পুলিশ জানায়, মফিজুলের পুত্রবধূ শাপলা খাতুন দাওয়াত খেয়ে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পান যে, তার শাশুড়ি ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে মনোয়ারার রক্তাক্ত মরদেহ ও মফিজুলকে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।  চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।