বাস মালিকদের দ্বন্দ্বে নাটোর-রাজশাহী রুটে নাটোর ও রাজশাহীর মালিকানাধীন সব বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার ভোর থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে অন্যান্য জেলার বাস নাটোরের ওপর দিয়ে রাজশাহী রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।
পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাসের চলাচলকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বাসস্ট্যান্ড এলাকায় নাটোরের আরপি রোকেয়া ও তুহিন পরিবহনের শ্রমিকদের সঙ্গে রাজশাহীর শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ঘটনার জের ধরে রাজশাহীর মালিকানাধীন একটি বাস নাটোরে আটকে রাখা হলেও পরে সেটি ছেড়ে দেওয়া হয়। কোনো শ্রমিককে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বর্তমানে শুধু নাটোর ও রাজশাহীর মালিকানাধীন বাস এ রুটে চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক আছে। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, রাব্বি পরিবহনের একটি বাস নিয়ম না মেনে রাজশাহী থেকে নাটোর হয়ে আলমডাঙ্গা রুটে চলাচলের চেষ্টা করে। এ বিষয়ে নাটোর বাস মালিক সমিতি সম্মতি না দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে রাজশাহীতে যাত্রীসহ নাটোরের তুহিন পরিবহন ও আরপি রোকেয়া পরিবহনসহ কয়েকটি বাস আটকে রাখা হয়। এ সময় শ্রমিকদের মারধরের অভিযোগও রয়েছে। তিনি আরও বলেন, এরপর থেকে রাজশাহীর মালিকানাধীন কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইভাবে নাটোরের মালিকানাধীন বাসও রাজশাহীতে যেতে পারছে না। তবে ঢাকা ও অন্যান্য গন্তব্যের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাব্বি পরিবহনের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে আলমডাঙ্গা রুটে রাব্বি পরিবহনের বাস চলাচলের বিষয়ে নাটোর বাস মালিক সমিতিকে জানানো হয়েছিল। কিন্তু তারা অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে নাটোরে রাব্বি পরিবহনের একটি বাস আটকে রেখে শ্রমিককে মারধর করা হয়। খবর পেয়ে রাজশাহীতে নাটোরের কয়েকটি বাস আটকে রাখা হয়। তবে তাদের কোনো শ্রমিককে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।