ফেনী ও নারায়ণগঞ্জে সড়কে ঝরল ৫ প্রাণ

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী ইউনিক বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ চট্টগ্রামের কর্ণফুলী এলাকার কাভার্ডভ্যান চালক আব্দুর আজিজ (৭০) ও কেরানীগঞ্জের পারগে-ারিয়া এলাকার বাসচালক আবুল হোসেন (৬২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের মো. হোসেন (২৮) ও ইউনিক বাসের সুপারভাইজার ঝিনাইদহের শৈলাকুপা এলাকার শামীম হোসেন (৫৫)। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফালিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পরে সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। হাইওয়ে থানার একটি মোবাইল টিম আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম নবী পরীক্ষা-নিরীক্ষা শেষে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্ষুব্ধ গার্মেন্টসকর্মীরা মহাসড়কের অবরোধের মাধ্যমে যান চলাচল বন্ধ করে দেন। জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় ওই নারী গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জাহিন গার্মেন্টসের কর্মীরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।