সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সরকারি হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যাওয়া দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা কোনো ছাড় পাবে না। সাধারণ মানুষকে প্রতারিত করা গুরুতর অপরাধ। দালাল প্রতারকচক্রকে নির্মূল করতে র‌্যাব, ডিজিএফআই ও এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে ইতিমধ্যে অনেক দালালকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে জমে থাকা প্রশাসনিক জট ও অনিয়ম রাতারাতি ঠিক করা কঠিন হলেও স্বাস্থ্য খাতের শৃঙ্খলায় সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির তার সঙ্গে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পার্বত্য রাঙ্গামাটি ও বান্দরবান জেলা ব্যতীত দেশের বাকি সব জেলায় ইতিমধ্যে প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।