কক্সবাজারে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয়জন চীনা নাগরিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ২৬ আগস্ট মেরিন ড্রাইভ সড়কের আশপাশে অবস্থিত চারটি হোটেলে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক চীনা নাগরিক সটকে গেলেও হাজার খানেক মোবাইল ফোন ও ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করা হয়। চীনা নাগরিকদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলেও তাদের নাম ঠিকানা জানাতে রাজি হয়নি প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদ উদ্দিন মুহাম্মদ আসিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের কলাতলী রোডের তারকা মানের হোটেল সি-প্যালেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন,  এক ভুক্তভোগীর রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে, বিশেষ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এবং ঢাকার  পুলিশের একটি বিশেষ ইউনিটের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।