শেরওয়ানি থেকে কাফন, কয়েক ঘণ্টাতেই বদলে গেল সব

বিয়ের আনন্দ শেষ হতে না হতেই নেমে এলো শোকের ছায়া। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিয়ে করেছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসারগো বাড়ির মো. এরশাদ। বিয়ের কয়েক ঘণ্টা পর হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে এরশাদের বিয়ে হয়। বিয়েকে ঘিরে বাড়িতে ছিল উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনের ভিড়ে মুখর ছিল বাড়ির আঙিনা। নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর ছিলেন নবদম্পতি। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরশাদ। এরপর তার মৃত্যু হয়। 

এরশাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, হাসি-উচ্ছ্বাস আর স্বজনদের কোলাহল, সেই বাড়িতেই এখন চলছে কান্নার মাতম।

সবচেয়ে হৃদয়বিদারক পরিস্থিতি নববধূর। বিয়ের মেহেদির রং তখনও তার হাতে স্পষ্ট। নতুন সংসার শুরু করার আগেই তাকে হারাতে হলো স্বামীকে। কয়েক ঘণ্টার ব্যবধানেই বিয়ের শেরওয়ানি পরা এরশাদকে পরানো হয়েছে সাদা কাফন।
ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।