বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েক ডজন বাড়ি।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

কর্তৃপক্ষ জানায়, আতশবাজির সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুদ থেকেই এর সূত্রপাত বলে ধারণা করছেন কর্মকর্তারা।

ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। আহত হয়েছেন ৬২ জন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর দগ্ধ এক কন্যাশিশুও রয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

রিটা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। এ কারণে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।