পরিচয় মিলেছে এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা মরদেহের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে মুখ টেপ দিয়ে আটকানো অবস্থায় পড়ে থাকা মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০); তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। ইসমাইল থাকতেন গাজীপুরের কোনাবাড়ীতে।

বনানী থানার এসআই নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা পরিবারের লোকজনকে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে জানতে পেরেছি।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে শুক্রবার সকালে নাম না জানা ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছিল পুলিশ। তার মুখে টেপ মারা ছিল, পরনে ছিল অটোরিকশা চালকদের ইউনিফর্মের মত নীল রঙের শার্ট আর লুঙ্গি।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা, কোনো একটি গাড়ি থেকে লাশটি ফেলে যাওয়া হয়েছে।

এসআই নজরুল বলেন, ‘আমরা ধারণা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাড়িতে করে এনে লাশটি ফেলে গেছে।ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে গাড়ি শনাক্তের কাজ চলছে।’