রাজধানীতে ২ তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে পৃথক বাসা থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মিথিলা আক্তার নীলা (১৮) ও লাবনী বেগম (২০)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মিথিলার স্বামীর নাম শাকিল হোসেন। তার বাড়ি ঢাকার সাভারে। স্বামীর সাথে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা আলোকিত গলি একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল উল্লেখ করেন, পারিবারিক কলহের কারণে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মিথিলা আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

অন্যদিকে এসআই মো. ইদ্রিস সুরতহাল প্রতিবেদন উল্লেখ করেন, লাবনী বেগমের বাবার নাম মো. আনোয়ার হোসেন বাবুল। তাদের বাড়ি লক্ষীপুরের রায়পুর উপজেলায়। তার স্বামী দিপু ইসলাম মালয়েশিয়া প্রবাসী। তাদের তিন বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কামরাঙ্গীরচর বড়গ্রাম বড় মসজিদ সংলগ্ন পানওয়ালা গলিতে বাবার বাসায় থাকতেন লাবনী। শুক্রবার সন্ধ্যার মোবাইল ফোনে স্বামীর সাথে তার ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ভাইয়ের রুমে ঢুকে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।