ফিরছিলেন মেয়ের বিয়ের টাকা নিয়ে, এক্সপ্রেসওয়েতে মিলল বাবার লাশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটি ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির বলে শনাক্ত করেছেন স্বজনরা। মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে পাওয়া টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফেরার পথে তিনি নিখোঁজ হন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইসমাইলের মরদেহ শনাক্ত করেন তার ছেলে। স্বজনরা জানান, মেয়ের বিয়ের কথা চূড়ান্ত করতে ইসমাইল জামালপুরের গ্রামের ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছিলেন। ঋণ ও ঘরের কাজে কিছু টাকা খরচের পর বাকি প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরে ফিরছিলেন তিনি।

শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুখে টেপ লাগানো মরদেহটির সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বনানী থানার পুলিশ জানায়, আঙুলের ছাপের মাধ্যমে ইসমাইলের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করে কোনো গাড়িতে করে এক্সপ্রেসওয়ের ওপর লাশ ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।