২০০০ রাইডারের মাইলফলক স্পর্শ করল রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০

বাংলাদেশের বাজারে ২,০০০ রাইডারের মাইলফলক স্পর্শ করেছে রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০। এই বিশেষ অর্জন উদযাপন করতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আয়োজন করেছে মানবিক উদ্যোগ ‘মেট্টো ৩৫০: রাইড ফর স্মাইল’, যেখানে মিটিওর ৩৫০ রাইডারদের সঙ্গে একই যাত্রায় অংশ নেয় একদল সুবিধাবঞ্চিত শিশু।

‘এ রাইড, এ স্মাইল, এ মেমোরি ফরেভার—এই বার্তাকে ধারণ করে ঢাকার রয়্যাল এনফিল্ড ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হয় বিশেষ এই যাত্রা। রাইডার ও শিশুরা একসঙ্গে রওনা দেয় নির্ধারিত রিসোর্টের উদ্দেশ্যে। পথজুড়ে ছিল মোটরসাইকেলিংয়ের আনন্দ, নতুন অভিজ্ঞতা এবং একসঙ্গে সময় কাটানোর উচ্ছ্বাস।

রিসোর্টে পৌঁছে শিশু ও রাইডারদের জন্য আয়োজন করা হয় দিনব্যাপী নানা আনন্দঘন কার্যক্রম। খেলাধুলা, বিনোদন, খাবার ও বিশেষ উপহারসহ পুরো দিনটি কাটে হাসি-আনন্দে। রাইডারদের সঙ্গে শিশুদের আন্তরিক সময় ও আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তগুলো ‘রাইড ফর স্মাইলস’-কে করে তোলে একটি স্মরণীয় আয়োজন।

একজন মেট্টো ৩৫০ রাইডার তানভীর বলেন, ‘মেট্টো ৩৫০ নেওয়ার মূল কারণ ছিল এর ক্লাসিক ডিজাইন, কমফোর্ট এবং স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স। বিশেষ করে লং রাইডে বাইকটি চালিয়ে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। রয়্যাল এনফিল্ড-এর রাইডিং কালচার ও কমিউনিটিটাও আমার খুব ভালো লাগে। তবে আজকের ‘রাইড ফর স্মাইলস’ আয়োজনটি আমার কাছে আরও বিশেষ, কারণ আজ আমরা শুধু রাইড করছি না, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আমাদের আনন্দটাও ভাগ করে নিচ্ছি। এমন একটি মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।”

এ প্রসঙ্গে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ‘মিটিওর ৩৫০-এর ২,০০০+ গ্রাহকের মাইলফলক আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তবে এই আনন্দ রাইডার কমিউনিটি ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নিতে পারাটাই এই উদযাপনকে আরও বিশেষ করে তুলেছে। ‘রাইড ফর স্মাইলস’-এর মাধ্যমে আমরা একটি রাইডকে অনেকগুলো হাসি ও সুন্দর স্মৃতির সঙ্গে যুক্ত করতে চেয়েছি।’

মিটিওর ৩৫০-এর এই ২,০০০+ মাইলফলক শুধু একটি বিক্রয়সংখ্যা নয়; এটি রাইডারদের আস্থা, ভালোবাসা এবং শক্তিশালী কমিউনিটির প্রতিফলন। আর ‘রাইড ফর স্মাইলস’ সেই সাফল্যের আনন্দকে রূপ দিয়েছে একটি রাইড, অসংখ্য হাসি এবং স্মরণীয় কিছু মুহূর্তে।