বারবার কনকাশনের শিকার পুকোভস্কিকে ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলিয়া

বার বারবার কনকাশনের কারণে ক্যারিয়ারের অকালে ইতি ঘটা অস্ট্রেলিয়ার উদীয়মান তারকা উইল পুকোভস্কি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে একটি ঐতিহাসিক আর্থিক সমঝোতায় পৌঁছেছেন। অকালে খেলা ছাড়তে বাধ্য হওয়া এবং শারীরিক ক্ষতির শিকার হওয়া এই টপ অর্ডার ব্যাটারকে ক্ষতিপূরণ দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা গোপন রাখা হয়েছে।

২৮ বছর বয়সে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাওয়া পুকোভস্কির ক্যারিয়ারে অন্তরায় অন্তত ১৩টি কনকাশন। যার ফলে দৃষ্টিশক্তির সমস্যা, মাথায় তীব্র যন্ত্রণা, বমি ভাব ও শরীরের বাঁ পাশ কাজ না করার মতো শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকদের মতে, ভবিষ্যতে তাঁর মারাত্মক ব্রেইন ডিজিজ 'ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি' হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।
 

পেশাদার ক্রিকেট বোর্ডের সাথে সমঝোতা হলেও পুকোভস্কির মূল আইনি লড়াই চলছে তার মেলবোর্নের প্রাক্তন প্রাইভেট স্কুল 'ব্রাইটন গ্রামার'-এর বিরুদ্ধে। ২০১৪ সালে মাত্র ১৬ বছর বয়সে ওই স্কুলের হয়ে 'অস্ট্রেলিয়ান রুলস ফুটবল' অনুশীলনের সময় এক সতীর্থের হাঁটুর আঘাত লেগে তিনি জ্ঞান হারান।

 অভিযোগ রয়েছে, জ্ঞান ফেরার কয়েক মিনিটের মধ্যেই পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা না দিয়ে তাকে পুনরায় অনুশীলনে নামিয়ে দেওয়া হয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে পুকোভস্কি সেই স্মৃতি স্মরণ করে বলেন, "আঘাত পাওয়ার পর আমাকে মাঠের পাশে নিয়ে যাওয়া হয়। এরপর কোচ এসে জিজ্ঞেস করলেন, 'তুমি কি আবার ট্রেনিং করবে?' আমি রাজি হয়ে যাই। এটি আমার জীবনের সবচেয়ে ট্র্যাজিক দিন ছিল, কারণ ওই দিনের পর থেকে আমি আর কখনোই আগের মতো স্বাভাবিক বোধ করিনি।"

ওই ঘটনার পর মাসজুড়ে স্কুলে অনুপস্থিত থাকতে হয়েছিল তাকে এবং একপর্যায়ে হাসপাতালে ভর্তি হতে হয়। পুকোভস্কির আইনজীবীদের দাবি, ১৬ বছর বয়সের সেই অনাকাঙ্ক্ষিত মাথার আঘাতই তার মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করে দেয় এবং পরবর্তী কনকাশনগুলোর জন্য তাকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ করে তোলে।

অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এই ব্যাটার ফার্স্ট-ক্লাসে ৪৫.১৯ গড়ে রান করেছিলেন। বর্তমানে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও ভিক্টোরিয়ান প্রিমিয়ার লিগে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এবং বিগ ব্যাশ লিগে টিভি কমেন্টেটর হিসেবে কাজ করছেন।