ভ্যানচালকের মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের দরিদ্র ভ্যানচালক সানোয়ার হোসেনের ছয় মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির।

প্রধানমন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অনুপ্রেরণায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।

এর অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) সানোয়ার হোসেনের ছয় মেয়ের মধ্যে লেখাপড়ার খরচ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যেই আমি এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।