রাজধানীর শনিরআখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে এক ব্যক্তি। শনিবার রাত ৮টার দিকে কদমতলীর জিয়া স্মরণী রোডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আসলামকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ও ডান গালে গুলি লেগেছে।
আসলামের চাচাতো ভাই মো. মিরাজ খান জানান, রাতে দোকানের ভেতরে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন আসলাম। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। তবে কী কারণে আসলামকে গুলি করা হয়েছে, তা জানাতে পারেননি স্বজনরা।
কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈই জানান, জিয়া স্মরণী রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় গুলি ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।