দলের ভেতর ও বাইরে থেকে চলা ষড়যন্ত্র সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সতর্ক করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ সতর্ক করেন।
অসুস্থ শরীরে হুইলচেয়ারে সভায় যোগ দিয়ে মির্জা আব্বাস বলেন, দলের বিরুদ্ধে ভেতরে-বাইরে চক্রান্ত চলছে। কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে দলের বদনাম হচ্ছে উল্লেখ করে তিনি বিএনপিকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাকে অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে, সাবধানে থাকবেন।’
বিএনপির প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসার কথা জানিয়ে আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে তাঁর রাজনীতি শুরু এবং এ দলেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।