এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার, গাড়িচালকসহ গ্রেপ্তার ৩

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে এ ঘটনায় একটি বাস জব্দ করা হয়েছে।

শনিবার রাজধানীর মহাখালীতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী ওই বাসটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পাওয়া মরদেহের রহস্য উদ্‌ঘাটনে শনিবার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মহাখালী থেকে বাবুল পরিবহনের চালক সোহেল রানাসহ তিনজনকে বাসসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।