ফাইনালের পথে তামিমরা

শুরুতে বল হাতে স্বাধীন ইসলামের ঘূর্ণি ও পরে ব্যাট হাতে আজিজুল হাকিম তামিমের দাপটে গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে কালাম সিদ্দিকীর দল। গতকাল মিরপুরে ১১১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের পাশাপাশি ফাইনালের সমীকরণও অনেকটাই সহজ করে ফেলেছে অনূর্ধ্ব-২৩ দল। আগামীকাল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে তাদের। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনালে খেলবে অনূর্ধ্ব-২৩ দল।

গতকাল টানা চতুর্থ জয়ের খোঁজে নেমে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জারিফ সিয়াম ও কাওসার আহমেদের ব্যাটে আসে ৬৫ রান। ৭১ বলে ৫৬ রান করে জারিফ ফিরলে ভাঙে এই জুটি। এরপর আহসান আল মুমিন ৪৫ বলে করেন ৩৫ রান। একপর্যায়ে ১০৪ রানে ৩ উইকেট হারানো অনূর্ধ্ব-১৯ দল এরপর আর ইনিংসটা বড় করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে শাকিল খান করেন ২৮ বলে ১৫ রান। শেষ দিকে মেহেরাব হাসান সিজান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৬ বলে তার ৩৩ রানের ইনিংসেও অবশ্য দলীয় সংগ্রহ ২০০ পেরোয়নি। শেষ পর্যন্ত ১৮৯ রানেই থামে অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।

অনূর্ধ্ব-২৩ দলের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল স্বাধীন। মাত্র ১৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি ও আহরার আমিন পিয়ান নেন একটি করে উইকেট।

১৮৯ রানের লক্ষ্য অনূর্ধ্ব-২৩ দলের জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন আদিল বিন সিদ্দিক ও তামিম। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ১৩০ রান। দুজনই তুলে নেন অর্ধশতক, আর তাতেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। দলীয় ১৩০ রানে আদিল বিদায় নেন। ৭৪ বলে ৬৩ রানের কার্যকর ইনিংস খেলে ফেরেন তিনি। এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক কালাম। বাকি কাজটুকু করতে তাদের কোনো সমস্যাই হয়নি। অনায়াসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুজন। ম্যাচসেরার পুরস্কার ওঠে তামিমের হাতে। ৭৯ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক কালাম সিদ্দিকী অপরাজিত থাকেন ৩৯ রানে।