সিআরপিতে বোচিয়া গেমস কোর্ট

বাংলাদেশের প্যারা স্পোর্টসে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি বাংলাদেশ) উদ্যোগে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) প্রাঙ্গণে শনিবার উদ্বোধন করা হয়েছে একটি বোচিয়া গেমস কোর্ট। গেমস কোর্টের উদ্বোধন করেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন। এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা সিস্টার ভেলরি এ. টেইলর। স্বাগত বক্তব্য দেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বোচিয়ার মতো বিশেষায়িত প্যারা স্পোর্টসের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই কোর্ট বোচিয়ার প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং দক্ষ প্যারা-অ্যাথলেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনপিসি বাংলাদেশ ও সিআরপির যৌথ সহযোগিতায় কোর্টটি ভবিষ্যতে বোচিয়া খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও দক্ষতা উন্নয়নের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বোচিয়া মূলত এমন একটি প্যারা স্পোর্টস, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা থাকা খেলোয়াড়রা কৌশল, নিয়ন্ত্রণ ও নিখুঁততা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশে এই খেলাটির পরিসর এখনো সীমিত হলেও নতুন কোর্ট স্থাপনের ফলে প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ আরও বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিসি বাংলাদেশের উপ-মহাসচিব মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ, নির্বাহী সদস্য ফরিদা আক্তার আসমা এবং এশিয়া প্যারা আরচারির সাধারণ সম্পাদক ও সংগঠক মো. তানভির আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বোচিয়া অঙ্গনের অগ্রযাত্রার সঙ্গে যুক্ত দেশের প্রথম বোচিয়া প্যারা-অ্যাথলেট মো. আনোয়ার হোসেন ও মো. রাশেদ আহমেদ।