কোনো রকম মঞ্চ অভিজ্ঞতা ছাড়াই টিভি নাটকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য এক অভিনেত্রীতে নিজেকে পরিণত করেছেন দীপা খন্দকার। চলচ্চিত্রেও অভিনয় করছেন সুনামের সঙ্গে। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছেন এই অভিনেত্রী।
তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। রবিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে দীপা খন্দকার লিখেছেন, ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে, কারো স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক।’
দীপার এই পোস্টের পর থেকেই নানা আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এমন কথা লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।