ছাতিম গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ

বগুড়ার সান্তাহারে ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এম ডি বাঁধন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সান্তাহার উপজেলার রেলওয়ে ইয়ার্ড কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত এম ডি বাঁধন (২৩) ওই এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে এলাকাবাসীরা ওই গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে তাদের ধারণা এটি আত্মহত্যা নয়। পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুঁলিয়ে রাখা হয়েছে বাঁধনকে। 

এবিষয়ে আদমদীঘি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।