যশোরের মণিরামপুরে সুফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামে রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম ওই গ্রামের কাওছার আলী শেখের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান সুফিয়া। সকালে স্বজনরা ঘরের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, সুফিয়ার বাবার বাড়ি উপজেলার নেহালপুর গ্রামে। স্বামী-স্ত্রী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, গৃহবধূ সুফিয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পারিবারিক কলহের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।