নারায়ণগঞ্জে জাল টাকাসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বন্দরের মদনপুরে জাল টাকা ও কেমিক্যালসহ চক্রের মূল হোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (২৫) বরগুনার বামনা থানার বড় যাদবপুর এলাকার বাসিন্দা ও বর্তমান বন্দরের মদনপুর ছোটবাগ এলাকার আবদুল আজিজের ছেলে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-১১ সদর কোম্পানির একটি টিম গোপন খবর পায় যে মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাট বাসায় এক ব্যক্তি জাল টাকা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন খবরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব টিম ওই বাসার সামনে পৌঁছালে  এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে ওই বাসা তল্লাশি করে খাটের তোশকের নিচে থেকে সাড়ে ৭৮ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪০০ মিলিগ্রাম কেমিক্যাল সদৃশ তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার আলামতসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।