ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াডে ‘তারার বাড়ী’ দলের স্বর্ণপদক 

রোবটিক্স ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে অসাধারণ সাফল্য অর্জন করেছে শিশু-কিশোরদের দল ‘তারার বাড়ী’। ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে তাদের উদ্ভাবনী প্রকল্প ‘মার্স ওডিসি’র জন্য দলটি মর্যাদাপূর্ণ স্বর্ণপদক অর্জন করেছে।

গত ৪ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়।

‘মার্স ওডিসি’ প্রকল্পটি মঙ্গলগ্রহে অনুসন্ধানের জন্য তৈরি মার্স রোভারভিত্তিক একটি উদ্ভাবনী রোবোটিক্স ধারণা। প্রতিকূল পরিবেশে অনুসন্ধান, তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনায় রোবোটিক প্রযুক্তির সম্ভাবনাকে প্রকল্পটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শত শত প্রতিযোগীর মধ্য থেকে প্রকল্পটির উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত সক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতার স্বীকৃতি হিসেবে দলটি স্বর্ণপদক অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপি। তিনি বলেন, প্রযুক্তি বর্তমান বিশ্বের নেতৃত্ব দিচ্ছে এবং রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— টাইমস টুডের সম্পাদক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী পরিচালক মাসুম খান, রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়, অ্যাম্বাসেডর ম্যাগাজিনের সাব-এডিটর ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার লীনা, বন্ধি পাঠশালার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং গিয়ারঅনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, বিএসআরএম স্টিলস লিমিটেডের হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং এসিএস ফিউচার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাইরোজ খালেদ অহি। এ ছাড়া অনুষ্ঠানে প্রথিতযশা শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘তারার বাড়ী’ দলের এই অর্জন বাংলাদেশের শিশু-কিশোরদের রোবটিক্স, স্টেম ও মহাকাশবিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী সক্ষমতা অর্জনে অনুপ্রাণিত করতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে উপস্থিত অনেক অভিভাবক আশা প্রকাশ করেন।