২০২৬ সালের নাগিব মাহফুজ মেডেল ফর লিটারেচারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সৌদি ঔপন্যাসিক আবদুল্লাহ নাসের। তার উপন্যাস দিস ইজ নট আ বুলেটসহ ছয়টি উপন্যাস নিয়ে এবারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো প্রেস। ২৩টি দেশ থেকে জমা পড়া ১৪৩টি উপন্যাসের মধ্য থেকে তালিকাটি নির্বাচন করা হয়েছে।
নাসেরের উপন্যাসে শৈশবে বাবার গুলি ছোড়ার একটি স্মৃতি কথকের সামনে পুরনো একটি মামলার দরজা খুলে দেয়। সত্যের অনুসন্ধানে এগোতে গিয়ে সে মুখোমুখি হয় পারিবারিক গোপনীয়তা, অপরাধবোধ ও অতীতের ক্ষতচিহ্নের। ১৯৮১ সালে জন্ম নেওয়া নাসের এর আগে দুটি গল্পগ্রন্থ প্রকাশ করেছেন।
তালিকায় আরও রয়েছে মিসরের আহমদ আবদুলতিফের দ্য অরিজিন অব দ্য স্পিসিজ, গন্না আদেলের লঙ্গা-কায়রো নুওয়েইবা, ইরাকের ইনাম কাচাচির আ সুইস সামার, ফিলিস্তিনের মোহাম্মদ জুবাইতির নো মেইল টু গাজা এবং মিসরের তালাল ফয়সালের অ্যান ওল্ড ইজিপশিয়ান ম্যাডনেস। নির্বাচিত উপন্যাসগুলোতে উঠে এসেছে অতিমানবীয় ভবিষ্যৎ, স্থানান্তর, যুদ্ধ, প্রতিরোধ ও ইতিহাসের নানা অনুষঙ্গ।
বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১১ ডিসেম্বর, নাগিব মাহফুজের জন্মদিনে। বিজয়ী পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার। পাশাপাশি তার উপন্যাস ইংরেজিতে অনুবাদ ও ইংরেজিভাষী বিশ্বে প্রকাশ করবে আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো প্রেস।