রাঙ্গাবালীতে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন জেলে আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি এলাকায় নদীতে জাল ফেলার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি ট্রলারে তাঁর ভাই ইমন খাঁসহ মোট পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু নিশ্চিত করেন।

যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওই দুই জেলের মৃত্যু নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং খবর পেয়েই ক্ষতিগ্রস্ত জেলেদের বাড়িতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।